বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের উদ্যোগে হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল একটিও হৃদস্পন্দন যেন উপেক্ষিত না থাকে। এই প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে বক্তারা হৃদরোগের ঝুঁকি কমানোর উপায় এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান সময়ে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কর্মব্যস্ত জীবনের কারণে হৃদরোগের ঝুঁকি যেভাবে বাড়ছে, তা থেকে রক্ষায় জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা মতিঝিলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকরা সাধারণ মানুষের মধ্যে হৃদরোগের লক্ষণ ও প্রাথমিক করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সুস্থ জীবনধারা বজায় রাখার পরামর্শ দেন।
আরববাংলা টিভি/ডেস্ক