মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটে চলা এসব নৈরাজ্য ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন বক্তারা।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশাসনের বর্তমান ভূমিকার তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ যখন একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ছাত্রনেতারা বলেন, বিগত স্বৈরাচারী আমলের দোসররা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে।
আরববাংলা টিভি/ডেস্ক