ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১ হাজার ১০০টিরও বেশি ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ ধ্বংসের খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী ও সদস্যসচিবসহ শীর্ষ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের হামলা এবং উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এড়িয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তারা অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জোর দাবি জানান।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এবং তাদের উপাসনালয়গুলো বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান সময়ে আসামসহ বিভিন্ন রাজ্যে এই ধরনের অনভিপ্রেত উচ্ছেদ অভিযান ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা।
এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো বিশ্ববিবেককে জাগ্রত করার আহ্বান জানিয়েছে। ওলামা অ্যালায়েন্সের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, অবিলম্বে এই দমনপীড়ন বন্ধ না হলে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি, আসাম সরকারের প্রতি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক