ভারতের আসাম রাজ্যে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক এই উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার একশ ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় দশটি মসজিদ ধ্বংস করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের বসবাসের ইতিহাস বিবেচনায় নিয়ে তাদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন ওলামা অ্যালায়েন্সের শীর্ষ নেতারা। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে আকস্মিক উচ্ছেদ অভিযান চালানো অত্যন্ত অমানবিক।
বিশ্লেষকদের মতে, আসামের এই সাম্প্রতিক ঘটনা কেবল একটি অঞ্চলের মানুষের জীবনযাত্রাকেই বিপন্ন করছে না, বরং সমগ্র অঞ্চলে এক ধরনের আতঙ্ক ও অস্থিরতা তৈরি করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই ধরনের নির্যাতন ও উপাসনালয় ধ্বংসের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও পরিপন্থী। তাই দ্রুত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
আরববাংলা টিভি/ডেস্ক