নেত্রকোনার মদন উপজেলার লাহুত মিয়া হত্যা মামলার প্রধান আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ শেয়াচর হাজীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪, কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে সকালে মদন উপজেলার বারবুড়ি গ্রামে পূর্ব বিরোধের জেরে লাহুত মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে বিকেলে লাহুত মিয়া মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল বায়েছ মদন থানায় হত্যা মামলা করেন। মামলায় মানিক মিয়াকে প্রধান আসামি করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।