দেশে সম্প্রতি বেড়ে চলা গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা, নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কঠোরভাবে বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এই মানবাধিকার সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিচারহীনতার যে সংস্কৃতির সূচনা হয়েছিল, তার প্রভাবে বর্তমান সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রশাসনের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হতো, যা আজকের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য অনে অংশে দায়ী। বিশেষ করে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা অতীতে নানা অপকর্ম চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের তাগিদ দিয়েছে বিএইচআরএফ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনি এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। একইসঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি