কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে। সেই ঘণ্টাটা আমরা বাঁধবো ইনশাআল্লাহ। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করে বলতে পারি—বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের প্রধান সারথী হবো আমরাই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে প্রবাসীদের আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তন আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছিল। সেখান থেকে দেশকে উদ্ধার করতে দেশের আপামর জনসাধারণ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে প্রবাসীদের দেশের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রবাসীদের ঘামঝরানো শ্রমের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা যেভাবে দেশটাকে লুটেপুটে খেয়েছে, তার বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে। নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের তরুণ সমাজ অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশে সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে দলীয় আমীরের দৃষ্টিভঙ্গির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরববাংলা টিভি