গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে আজও তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল থেকেই কারখানার ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এসে অবস্থান নেন।
শ্রমিকদের এই আকস্মিক সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যাতায়াতকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
পরে আসপাডা মোড় ও ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে বলে জানা গেছে। আন্দোলনরত শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অধিকার আদায়ের আন্দোলন নিয়মিতভাবে দমনপীড়নের শিকার হয়ে আসছে। তৎকালীন সময়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বর্তমান সময়েও শ্রমিক অসন্তোষ প্রায়শই দানা বেঁধে উঠছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি এই শ্রমিকদের ন্যায্য পাওনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি