বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং শূন্য বর্জ্য উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও তুরস্ক। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় তুরস্কের আনতালিয়া শহরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উভয় সংগঠনের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি বিনিময় এবং বর্জ্য থেকে সম্পদ তৈরির গবেষণামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতির কোনো বিকল্প নেই। তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে তার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে রিসাইক্লিং বা পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে উভয় পক্ষ যৌথভাবে কাজ করবে।
বিশ্লেষকদের মতে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পরিবেশগত বিভিন্ন উদ্যোগে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা গিয়েছিল। এছাড়া ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দেশ পুনর্গঠনে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, ঠিক সেই সময়ে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা দেশের পরিবেশ খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হয়েছে যে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তরুণ গবেষক এবং পরিবেশকর্মীরা তুরস্কের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা দেশের পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরববাংলা টিভি