গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রভাব পড়েছে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থায়। নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। বুধবার দুপুরের পর থেকে হঠাৎ করেই এই রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।
দুপুর গড়ালে বিভিন্ন জেলা ও দূরদূরান্ত থেকে শত শত যাত্রী খুলনা টার্মিনালে এসে উপস্থিত হন। কিন্তু কাউন্টারগুলো বন্ধ থাকায় এবং কোনো বাস ছেড়ে না যাওয়ায় তারা পড়েন চরম বিপাকে। বিশেষ করে জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল যাদের, তারা বিকল্প কোনো ব্যবস্থা না পেয়ে স্টেশনেই অপেক্ষা করতে থাকেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কায় বাস মালিক ও শ্রমিকরা এই সিদ্ধান্ত নেন বলে জানান সংশ্লিষ্টরা।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ দ্রুত এই যাতায়াত সংকট নিরসনে সরকারের ও সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আরববাংলা টিভি