বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে তাদের নিজস্ব আইন ও বিধি অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর আগে গত ৯ নভেম্বর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে ভর্তি প্রক্রিয়া নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখা এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আইন ও অ্যাকাডেমিক কাউন্সিলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।

শিক্ষা সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন অনুযায়ী ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে আসছে। কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক স্বায়ত্তশাসনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। ইউজিসির সাম্প্রতিক এই বাতিলের ফলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ঐতিহ্য ও মানদণ্ড বজায় রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পূর্ণ স্বাধীনতা ফিরে পেল।

উল্লেখ্য, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চশিক্ষা খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ইউজিসি বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নতুন এই সিদ্ধান্তের ফলে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করবেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD