পতিত ফ্যাসিবাদী অপশক্তির যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করতে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার সুরক্ষা করতে ফ্যাসিবাদের দোসরদের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
সম্প্রতি এক বিবৃতিতে খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং কার্যকর করার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে বেগবান করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জোর দাবি জানান তারা। এছাড়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় দ্রুত কার্যকরের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণেরও তাগিদ দেওয়া হয়।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত নানা অনিয়ম, দুর্নীতি ও দমনপীড়নের বিচার নিশ্চিত করা দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে পতিত শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে। তাই জাতীয় স্বার্থে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা।
আরববাংলা টিভি