কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে একটি বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপির দিকনির্দেশনা ও নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। ধনবাড়ী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এই মশাল মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করেন এবং রাজনৈতিক অঙ্গনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
মিছিল শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি ফিরিয়ে আনতে বর্তমান সরকার এবং বিএনপি অঙ্গাঙ্গীভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে জনগণের অধিকার হরণের যে কোনো চক্রান্ত রাজপথে থেকে প্রতিহত করার হুশিয়ারিও দেওয়া হয় এই সমাবেশ থেকে।
আরববাংলা টিভি