কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নানা ধরনের গোপন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের অধিকার হরণে বারবার ব্যর্থ হয়ে তারা এখন ঝটিকা মিছিল ও ভাঙচুরের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা বিধান এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা রাজপথে সজাগ দৃষ্টি রাখবে।
দলীয় সূত্র জানায়, রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ড, থানা ও মোড়ে মোড়ে নেতাকর্মীদের নিয়ে বিশেষ পাহারা ও নজরদারি টিম গঠন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা দেখামাত্রই তা প্রতিহত করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। বিএনপি সবসময় জনগণের শান্তি ও কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণের যেকোনো অধিকার হরণের চেষ্টা কঠোরহস্তে প্রতিহত করা হবে বলে জানানো হয়।
আরববাংলা টিভি