সরকারের নানাবিধ দুর্বলতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আবারো কার্যকর নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠছে এবং তাদের নির্মম বর্বরতার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, খুনের নেশায় উন্মত্ত হয়ে ওঠা এই চক্রটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যারা বিরোধী মত দমনে হত্যা ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিল, সেই একই শক্তির দোসররা এখনো বিভিন্ন অঘটনে লিপ্ত রয়েছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা রক্ষা করা বর্তমান প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া সত্ত্বেও কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের মদদপুষ্ট অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে না। অবিলম্বে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম।
আরববাংলা টিভি