নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, বিক্ষিপ্ত কিছু বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তিগুলো, তবে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো অপচেষ্টা কঠোরহাতে ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমাল রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাগুলোর কথা উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার হরণের যে চক্রান্ত অতীতে চালানো হয়েছিল, তা আর কখনো সফল হতে দেওয়া হবে না। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের দোসররা দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীলতা তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে, তা জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।
তিনি আরও যোগ করেন, জনগণের ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব একযোগে কাজ করে যাচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, সেই অন্ধকার দিনগুলোতে দেশকে আর ফিরে যেতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলেই তা প্রশাসনকে অবহিত করার বা স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান জানান এই নেতা।
আরববাংলা টিভি