দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ক্রীড়া খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অথচ বর্তমান সরকার দেশের প্রতিটি কোণায় খেলাধুলার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, শুধু জেলা স্টেডিয়ামই নয়, বরং উপজেলা পর্যায়েও মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর মাধ্যমে দেশের যুবসমাজ মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং সুস্থ বিনোদন ও খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবে। সংশ্লিষ্ট মহলের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই এই উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরববাংলা টিভি