সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ

সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার। রোববার সকালে ঝিনাইদহ জেলা সদরের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ জনপদের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে বর্তমান প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হয়েছিল এবং নামমাত্র বরাদ্দ দিয়ে জনগণের অর্থ লুটপাট করা হয়েছিল। সেই অবস্থা থেকে বের হয়ে এসে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন কোনোভাবেই সরকারি হাসপাতালগুলোতে অবহেলার শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে এবং ঔষুধের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে জেলা সিভিল সার্জন কার্যালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসাসেবা আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের নানা পরামর্শ দেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD