বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের গুরুতর অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন ওরফে মিঠুকে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয়রা একত্রিত হয়ে অভিযুক্ত বায়েজিদ হোসেনকে হাতেনাতে আটক করেন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন জানিয়েছে যে, অপরাধ যেই করুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি