বর্তমান বিশ্বে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের চিন্তা, বিশ্বাস, মতামত ও সামাজিক আচরণ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব, এক্স কিংবা হোয়াটসঅ্যাপ—সব মাধ্যমেই প্রতিনিয়ত অসংখ্য সংবাদ, তথ্য, ছবি, ভিডিও ও মতামত ছড়িয়ে পড়ছে। তথ্য প্রযুক্তির এই অভূতপূর্ব প্রসারের ফলে সংবাদ প্রচার ও গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
ইসলাম ধর্মে সংবাদ প্রচার এবং গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কোনো সংবাদ যাচাই না করে প্রচার করা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের চরম সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলাম সবসময় সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে।
বর্তমান যুগে হলুদ সাংবাদিকতা বা অপপ্রচারের বিরুদ্ধে ইসলামি অনুশাসন অত্যন্ত কঠোর। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম যেভাবে সত্য প্রকাশে বাধাগ্রস্ত হতো এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ হয়ে অপপ্রচার চালাত, তা সাংবাদিকতার নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। একটি সুস্থ সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিকল্প নেই।
সংবাদ মাধ্যমগুলোকে সবসময় মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। ইসলামি দৃষ্টিকোণ থেকে সংবাদ পরিবেশন কেবল একটি পেশা নয়, এটি একটি বড় আমানত। তাই প্রতিটি সংবাদকর্মীকে সত্যনিষ্ঠ, সৎ এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক