জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভয়াবহ ভাঙন থেকে বালুরগ্রাম এলাকাকে রক্ষার্থে এক মানববন্ধনের আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুর চর অবিলম্বে সরিয়ে নদীর স্বাভাবিক গতিপথ পুনরুদ্ধারের এই কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের শিকার হয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দশানী নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে বহু বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা মানববন্ধনের পথ বেছে নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত ব্রিজের নিচের চর অপসারণ করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে পুরো বালুরগ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদী রক্ষা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, জনস্বার্থের এই বিষয়টি বারবার উপেক্ষিত হলেও এবার তারা তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক