সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের শুরুতেই বিভিন্ন অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে না দেখলে সরকারের প্রায় পৌনে ২০০ কোটি টাকা জলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় দুর্নীতিবাজ ঠিকাদার ও সিন্ডিকেট লাভবান হলেও চরম ভোগান্তিতে পড়বেন এই জনপদের কয়েক লাখ সাধারণ মানুষ। সরকারের মেগা প্রকল্পগুলোর সুফল নিশ্চিত করতে হলে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
খোঁজ নিয়ে জানা যায়, সড়ক নির্মাণের ক্ষেত্রে যে ধরনের মান বজায় রাখার কথা, তা শুরু থেকেই মানা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কার্যাদেশ অনুযায়ী কাজ না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা এখন দুর্নীতির শঙ্কা ম্লান করে দিচ্ছে। স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক