জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভূয়সী প্রশংসা করেছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার এই যাত্রায় সংসদ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার আরও উল্লেখ করেন যে, এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ দেড় দশক ধরে চলা দুঃশাসনে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। ফলে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুথানের মাধ্যমে ছাত্র-জনতা সেই ফ্যাসিবাদী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করেছে।
বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর। সম্প্রতি বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় যে দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন, তা সমগ্র জাতির জন্য অনুপ্রেরণাদায়ী। তাঁর আপসহীন সংগ্রাম দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে প্রশস্ত করেছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিকার আরও জানান যে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে অতীত ভুল থেকে শিক্ষা নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। রাষ্ট্র মেরামতের এই কার্যক্রমে দেশের সকল রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
আরববাংলা টিভি/ডেস্ক