জামালপুরের মেলান্দহ উপজেলায় ছাগলের জন্য কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে গোলাম রাব্বানী শেখ তার পোষা ছাগলের খাবারের জন্য বাড়ির পাশের একটি গাছের ডালে ওঠেন। গাছটিতে বিদ্যুৎ সরবরাহের তারের কাছাকাছি ডালপালা ঝুলে ছিল। পাতা পারার সময় অসাবধানতাবশত তিনি ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন এবং মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল সাধারণ মানুষকে গাছ কাটা বা পাতা সংগ্রহের সময় বিদ্যুৎ লাইনের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক