বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে তাকে প্রত্যর্পণ করার বিষয়ে নয়াদিল্লিকে কোনো ধরনের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেওয়া হয়নি বলেও দেশটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন নাসুদিন ইসমাইল দেশটির সংসদে দেওয়া এক লিখিত জবাবে এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, দেশের আইন ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই কুয়ালালামপুর এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বাইরের কোনো চাপের কাছে নমনীয় হওয়ার অবকাশ নেই।
এর আগে ভারতের পক্ষ থেকে ডা. জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচার ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে তাকে ফেরত চেয়ে বারবার অনুরোধ জানানো হলেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে শুরু থেকেই এই বিষয়ে সতর্ক ও নিরপেক্ষ অবস্থান নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বিভিন্ন সময় আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে মালয়েশিয়ার স্বাধীন অবস্থানের কথা তুলে ধরেছেন।
বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া সরকারের এই অনড় অবস্থানের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও জাকির নায়েকের আটকের বা হস্তান্তরের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কুয়ালালামপুরের এই সাফ জবাবে বিষয়টি নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক