চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বা পিসিটির পর এবার চিটাগাং কনটেইনার টার্মিনাল বা সিসিটির দিকে নজর দিয়েছে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআই। গত দুই বছর ধরে নতুন এই টার্মিনাল অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। শুরুতে সক্ষমতার ধারে-কাছে যেতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপের মাধ্যমে এর কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, দেশের বৈদেশিক বা বাণিজ্যের সম্প্রসারণ এবং বন্দর সেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই এই ধরনের বিদেশি বিনিয়োগ ও পরিচালনাগত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আনতে বিদেশি কোম্পানির অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞদের মতে, সিসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের হাতে গেলে বন্দরের সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে দীর্ঘমেয়াদে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে নিবিড়ভাবে পর্যালোচনা করছে এবং খুব দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক