দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৮৮৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা বিগত সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সচেতনতার অভাবে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হাজার হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা দিনরাত সেবা দিয়ে গেলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে জোরালো অভিযান চালাতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের এই সময়ে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
আরববাংলা টিভি/ডেস্ক