মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ভারতের জেলে ১৭ বন্দির একসাথে পলায়ন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

ভারতের তামিলনাড়ু রাজ্যের থেনি জেলার থেক্কামপট্টি সংশোধনাগারে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার রাতে কারাগারের ভেতর থেকে একসঙ্গে ১৭ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কারাগারটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার রাতে জেলের ভেতরে বন্দিদের পক্ষ থেকে অসুস্থতার নাটক সাজানো হয়। বন্দিরা দাবি করে যে তাদের মধ্যে কেউ কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এই খবর পেয়ে জেলকর্মীরা যখন পরিস্থিতি দেখতে আসেন এবং সেলের দরজা খোলেন, তখন অতর্কিতভাবে তাদের ওপর চড়াও হয় বন্দিরা। জেলকর্মীদের ওপর হামলা চালিয়ে তারা জোরপূর্বক কারাগারের মূল গেট ভেদ করে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর থেকেই কারা কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। পলাতক বন্দিদের গ্রেফতারে তামিলনাড়ুজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পলাতক বন্দিদের মধ্য থেকে চারজনকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকি পলাতক বন্দিদের ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। কারাগারে কীভাবে এত বড় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বন্দিরা পলায়নের পরিকল্পনা করল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD