রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় এবং খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ লিটনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক