মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার গভীর রাতে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা যায়, সোমবার রাতে মোংলা বন্দর থেকে কয়লাবোঝাই করে জাহাজটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা নামক এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকার সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে কার্গো জাহাজটির তলা ফেটে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার পর জাহাজে থাকা স্টাফ ও চালকরা দ্রুত সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ততম পশুর চ্যানেলে কয়লাবোঝাই জাহাজ ডুবে যাওয়ায় সাময়িকভাবে নৌযান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করতে এবং চ্যানেলে নৌপথ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক