পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান অত্যন্ত সতর্কতার সাথে প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর ও বিশেষ নিরাপত্তাবলয় ভেদ করে তিনটি সুসজ্জিত লরিতে করে এই পারমাণবিক জ্বালানি সরাসরি প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে সোমবার সকালে রাশিয়া থেকে বিশেষ ব্যবস্থাপনায় এই চালানটি দেশে এসে পৌঁছায়।
প্রকল্প সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র ও সাংবাদিকদের জানান হয়েছে যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মেগা প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এর আগেও এই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য একাধিক চালানের ইউরেনিয়াম একইভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছানো হয়েছিল। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং সব ধরনের নিরাপত্তা প্রোটোকল মেনে এই পারমাণবিক জ্বালানি সংরক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম বৃহৎ ও কৌশলগত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতের উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পের নামে নানা অনিয়মের অভিযোগ উঠলেও, বর্তমান সময়ে প্রতিটি প্রকল্পের স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত কঠোরভাবে তদারকি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যেই রূপপুর প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে এক নতুন গতি সঞ্চার করবে।
আরববাংলা টিভি/ডেস্ক