বরিশালের গৌরনদীতে কার্যক্রম কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সৈয়দ জনির বাড়িতে এক দাওয়াতে অংশ নিতে এলে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
আটকদের বিরুদ্ধে বিভিন্ন সময় এলাকার সাধারণ মানুষকে হয়রানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই নেতাকর্মীরা একত্রিত হয়ে কোনো নাশকতার পরিকল্পনা করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এসব সংগঠনের নেতাকর্মীরা এলাকায় ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর থেকেই এদের কার্যক্রম সীমিত হয়ে পড়ে এবং প্রশাসন ও সাধারণ জনগণের কঠোর নজরদারির মুখে তারা কোণঠাসা অবস্থায় রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক