ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।
সরকারের এই নতুন নির্দেশনার ফলে দীর্ঘকাল ধরে চলে আসা জুমার দিনের ছুটির ঐতিহ্য ভেঙে গেল। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি ও শিক্ষাবিদরা এই সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য দমনের একটি রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেছেন। তাদের মতে, মাদরাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা বজায় রাখার ক্ষেত্রে এটি একটি বড় অন্তরায় এবং এর নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে সমালোচকরা মনে করছেন, আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও মেরুকরণের রাজনীতিকে তরান্বিত করতেই এই ধরনের বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা উত্তরাখণ্ডের ধর্মনিরপেক্ষতার মূলে আঘাত হানছে।
আরববাংলা টিভি/ডেস্ক