ঝালকাঠিতে মা-ইলিশ সংরক্ষণে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যেও সরকারি চালের সহায়তা পাননি তিন হাজার ২৯৪ জন নিবন্ধিত জেলে। জেলার মোট সাত হাজার ৪৯৪ জন নিবন্ধিত জেলের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র চার হাজার দুইশ জনের জন্য। ফলে নিষেধাজ্ঞা চলাকালীন এই বিশাল সংখ্যক জেলের পরিবারে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।
স্থানীয় জেলে পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, নদীতে মাছ শিকার নিষিদ্ধ থাকায় তাদের আয় সম্পূর্ণ বন্ধ রয়েছে। কিন্তু পর্যাপ্ত চাল বরাদ্দ না পাওয়ায় অনেকেই সরকারি এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষুব্ধ জেলেরা জানান, প্রতি বছর এই সময়ে নিষেধাজ্ঞার কারণে তাদের কষ্টের সীমা থাকে না, অথচ চাল বরাদ্দের বৈষম্যের কারণে প্রকৃত জেলেরা না খেয়ে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বরাদ্দ কম থাকায় সকল নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ করা সম্ভব হয়নি। তবে বঞ্চিত জেলেদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে বরাদ্দ পেলে তাদের সহায়তার আওতায় আনা হবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক