ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর সাহিল খান নামে কুড়ি বছর বয়সী এক মুসলিম শিক্ষার্থীকে আটক, মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত তেরোই অক্টোবর এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, সাহিল খান গুয়াহাটিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন। সমাবেশ শেষ করে বাসায় ফেরার পথেই তাকে অন্যায়ভাবে আটক করা হয়। পরবর্তীতে থানায় নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর এ ধরনের নির্যাতন ও হয়রানির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এই ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। মুসলিম হওয়ার কারণে কি এ ধরনের সহিংসতার শিকার হতে হচ্ছে, সেই প্রশ্ন এখন জোরালোভাবে উঠছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে গণমাধ্যমকে জানান ভুক্তভোগী পরিবার।
আরববাংলা টিভি/ডেস্ক