বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ময়মনসিংহে মারামারিতে জড়ানো সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে মামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষক দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় মামলা দায়ের করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। একই সঙ্গে তাদের দুজনকে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করার জন্য জোর সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত কয়েক দিন আগে ফুলবাড়িয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার সহকারী শিক্ষক স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং প্রকাশ্যে ধস্তাধস্তিতে রূপ নেয়। অফিসকক্ষে কর্মরত অন্যান্য শিক্ষক ও দাপ্তরিক কাজে আসা স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

শিক্ষক সমাজের মতো একটি পবিত্র পেশার সাথে জড়িত ব্যক্তিদের এমন কুরুচিপূর্ণ আচরণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। ঘটনার পরেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নেয়। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর অবশেষে অভিযুক্ত শিক্ষক দম্পতির বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়ের মতো একটি পবিত্র স্থানে শিক্ষক দম্পতির এমন অনভিপ্রেত আচরণ কোমলমতি শিক্ষার্থীদের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কঠোর বার্তা দিতেই এই বিভাগীয় মামলা ও বদলির সুপারিশ করা হয়েছে। স্থানীয় শিক্ষা অফিস জানিয়েছে, দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD