সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পাওয়া বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ অবশেষে বাতিল করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছিল এবং এতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের কাছে দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
প্রকাশিত সংবাদের পর উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে শাল্লা উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। জনগণের দীর্ঘদিনের দাবি ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রiyar মাধ্যমে নতুন করে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। শাল্লার সাধারণ মানুষ প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম আর বরদাস্ত করা হবে না।
আরববাংলা টিভি/ডেস্ক