ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক স্থানীয় যুবদল নেতাকে নৃশংসভাবে হাতুড়িপেটা করার গুরুতর অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। এই বর্বরোচিত হামলায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত যুবদল নেতাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ন্যায়বিচার দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে একটি সিন্ডিকেট সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়ম ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে আসছিল। এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেন ওই যুবদল নেতা। এর জের ধরেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রভাবশালী চক্রটি। সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ডিলার চক্রের সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয় এবং অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে।
ঘটনার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক