যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। গ্যারেজ মালিক ও মেকানিকের ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার দিন কথামতো একটি বিষয় নিয়ে কথা বলতে গেলে গ্যারেজ মালিক ও এক মেকানিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা চড়াও হন এবং ইট দিয়ে আঘাত করেন। ইটের আঘাতে তার মাথা ফেটে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথার ক্ষত পরীক্ষা করে চারটি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামে পাঠানো হয়েছে।
এই হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও শিল্পীরা তীব্র নিন্দা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।
আরববাংলা টিভি/ডেস্ক