বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া বা ফিশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক ক্লাবের অভিজাত সদস্য হিসেবে আত্মপ্রকাশ করল, যা দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, এই সফল বিক্রিয়া শুরুর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়াটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ সফলভাবে অতিক্রম করা হলো। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে এবং দেশি-বিদেশি বিজ্ঞানীদের যৌথ তত্ত্বাবধানে এই পরীক্ষণ সম্পন্ন করা হয়। আগামীতে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া এই মেগা প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে, এই বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের শিল্পায়ন এবং সার্বিক অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে।
আরববাংলা টিভি/ডেস্ক