রাজধানীসহ দেশের বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র যেন কাটছে না। দিনভর সেবা নিতে আসা সাধারণ মানুষ দলিল নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও নানা হয়রানির শিকার হচ্ছেন। কখনো কাগজে সামান্য ত্রুটি, কখনো তথ্যের অসঙ্গতি, আবার কখনো নানা অজুহাত দেখিয়ে দিনের বেলা দলিল ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না সাধারণ মানুষের ভাগ্যে।
অথচ সন্ধ্যা নামতেই পাল্টে যাচ্ছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর পুরো দৃশ্যপট। অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, দিনের আলোয় যে দলিলগুলো ত্রুটিপূর্ণ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই দলিলগুলোই রাতের আঁধারে অতিরিক্ত অর্থ বা উৎকোচের বিনিময়ে রেজিস্ট্রি সম্পন্ন করা হচ্ছে। এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে এই অনৈতিক বাণিজ্য চলছে দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ মনে করছে, প্রশাসনের নজরদারির অভাব এবং কঠোর আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্নীতিবাজ চক্র এমন বেপরোয়া হয়ে উঠেছে। এর আগে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলেও এ ধরনের সিন্ডিকেট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল। বর্তমানে এই অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।
আরববাংলা টিভি/ডেস্ক