দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের উৎপাদন কার্যক্রমে এই স্থবিরতা নেমে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান। দীর্ঘদিন ধরে কয়লা সংকটের পাশাপাশি বিভিন্ন সময়ে নানা যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয়ে আসছে দেশের উত্তর অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, হঠাৎ করেই দেখা দেওয়া বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে প্ল্যান্টের উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব হয়নি। এর ফলে জাতীয় গ্রিডে বড়পুকুরিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে করে রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় লোডশেডিংয়ের মাত্রা তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি দ্রুত নিরসনে দেশি ও বিদেশি প্রকৌশলীরা কাজ চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই ত্রুটি সারিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালুর চেষ্টা চলছে। উল্লেখ্য, এর আগেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময়ে অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে এই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বারবার সংকটের মুখে পড়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এই ধরনের কারিগরি ত্রুটি জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক