সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা একটি বড় ট্রলারসহ ৭৬ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রযাত্রার নেপথ্যে থাকা মানবপাচারকারী চক্রের ১১ জন সক্রিয় সদস্যকেও আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দালাল চক্রের প্রলোভনে পড়ে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। দেশের সীমান্তবর্তী ও উপকূলীয় এলাকাগুলোতে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক