রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

হামলায় সরকারি দলের লোকজন জড়িত: গোলাম পরওয়ার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মিরপুরের রাড্ডা হাসপাতালসহ সাম্প্রতিক হামলা ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়েছে এবং এসব ঘটনায় সরকারি দলের লোকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। রোববার দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন এবং দেশজুড়ে চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন যে, দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে একটি বিশেষ মহল ফায়দা হাসিলের চেষ্টা করছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও এ ধরনের দমনপীড়ন ও হামলা চালানো হয়েছিল, যা জনগণের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করেছিল। এমনকি কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলো নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তিনি অবিলম্বে এই হামলাগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি দেশবাসীকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালনের তাগিদ দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান এই জামায়াত নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD