নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে জনি আক্তার (২৯) নামের এক নারীকে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছ থেকে নেওয়া সমুদয় অর্থ আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্ড পাইয়ে দেওয়ার নামে সহজ-সরল মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। জনি আক্তারও এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি প্রতিবন্ধী ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ নেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রতিবাদ জানান এবং পরবর্তীতে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত জনি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পরে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে হাতিয়ে নেওয়া সব টাকা ভুক্তভোগীদের মাঝে ফেরত দেওয়ার শর্তে এবং ভবিষ্যতে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে আর জড়িত হবেন না মর্মে একটি লিখিত মুচলেকা প্রদান করেন ওই নারী। মুচলেকা দেওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দেয়।
এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক