শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

তরুণরা জাগ্রত আছে, সরকারকে হুশিয়ারি হাসনাতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ

নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বর্তমান সরকার আরেকটি ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সম্প্রতি এক বক্তব্যে তিনি সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, দেশের তরুণ সমাজ ও যুবশক্তি এখনও পুরোপুরি জাগ্রত রয়েছে। কোনো ধরনের অসংগত ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত তরুণ সমাজ মেনে নেবে না বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দশম গ্রেডের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির কাছ থেকে সরিয়ে নিয়ে একটি বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার বদলে নিজেদের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনার এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

জাতীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের এই নেতার এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো ধরনের অস্বচ্ছ কমিটি গঠনের উদ্যোগ থেকে সরে আসতে তিনি সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সুতরাং নতুন বাংলাদেশে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

জনগণের ভোটাধিকার এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করার তাগিদ দিয়ে এনসিপির এই সংসদ সদস্য জানান, তাদের দল ও দেশের সাধারণ মানুষ সবসময় ন্যায়সঙ্গত দাবির পক্ষে সোচ্চার থাকবে। সরকারের যেকোনো জনবিরোধী বা বিতর্কিত কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD