ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা ঐতিহাসিক মসজিদ ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন যে, দেশটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের কি ন্যূনতম কোনো ধর্মীয় স্বাধীনতা অবশিষ্ট নেই?
সাংবাদিকদের বলেছেন, ১৯১১ সাল থেকে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র এবং দলিলে ওই নির্দিষ্ট স্থানে একটি বৈধ মসজিদের অস্তিত্বের অকাট্য প্রমাণ রয়েছে। অথচ কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা সঠিক প্রমাণের তোয়াক্কা না করেই ঐতিহাসিক এই মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যা চরম অন্যায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল।
এই ঘটনার তীব্র সমালোচনা করে ওয়াইসি আরও উল্লেখ করেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক উপাসনালয় টার্গেট করা হচ্ছে, তাতে ধর্মনিরপেক্ষতার কাঠামো মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক