হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এবং ব্যাগেজ হস্তান্তরের সময় কমিয়ে আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরে যাত্রী ভোগান্তি লাঘব এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই আকস্মিক পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, যাত্রীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যাতে দীর্ঘক্ষণ ব্যাগেজের জন্য অপেক্ষা না করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে। তিনি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের হাতে লাগেজ পৌঁছে দেওয়ার তাগিদ দেন। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের অব্যবস্থাপনা কাটিয়ে বর্তমান সরকার বিমানবন্দরগুলোকে আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে কাজ করছে বলে জানান তিনি।
এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। ব্যাগেজ ক্লাইম এলাকায় ট্রলি সংকট দূর করা এবং কাস্টমস প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি/ডেস্ক