মিটার নেই, বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি। অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল। নতুন মিটারের জন্য আবেদন করার পর সংযোগ দেওয়ার আগেই এমন বিল পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার। মিটার স্থাপন ও বিদ্যুৎ ব্যবহার শুরুর আগেই বিল তৈরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং সিস্টেমের ত্রুটি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহক গণমাধ্যমকে জানান, কোনো ধরনের সংযোগ ছাড়াই এ ধরনের ভৌতিক বিল পাঠানো সম্পূর্ণ অন্যায় এবং গ্রাহকদের হয়রানির শামিল। সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের উদাসীনতাই এই ধরনের অযৌক্তিক বিল তৈরির প্রধান কারণ বলে তিনি অভিযোগ করেন। দ্রুত এই ভুলের সংশোধন এবং মিটার স্থাপন সাপেক্ষে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের বিল প্রেরণের দাবি জানিয়েছেন তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক