ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার সদরদী ফায়ার সার্ভিস অফিসের সামনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছরের ওপরে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্তের স্বার্থে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে চলে যাওয়ার কারণে সেটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিহত নারীর পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট টিমের সহায়তা নেওয়া হচ্ছে। আশেপাশের থানায় নিখোঁজ ডায়েরিগুলোর সাথে মিলয়ে দেখার কাজও চলছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর মহাসড়কে পথচারীদের পারাপার ও ট্রাফিক নিরাপত্তা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচলের ওপর নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট